উন্দাভের জোড়া গোল, আইভরি কোস্টের হৃদয় ভেঙ্গে নকআউট পর্বে জামার্নি
জার্মান ফরোয়ার্ড ডেনিস উন্দাভ দ্বিতীয়ার্ধ বদলি হিসেবে নেমেই পাল্টে দিলেন খেলার পুরো দৃশ্যপট। তার জোড়া গোলে আইভরি কোস্টের হৃদয় ভেঙ্গে ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে পা রাখলো জার্মানি। তবে শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল আইভরি কোস্ট। চমক জাগিয়ে প্রথমার্ধে লিড নিয়ে জাগিয়েছিল জয়ের সম্ভাবনাও।
টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানি আধিপত্য বিস্তার করে বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচে বল দখলে ৬০ শতাংশ নিয়ন্ত্রণে রেখে তারা শট নেয় ১৬টি, যার ৭টি ছিল অন-টার্গেট। বিপরীতে আইভরি কোস্টের ৯টি শটের ২টি ছিল লক্ষ্যে।
ম্যাচ শুরুর ৩০ সেকেন্ড পরেই বক্সের ভেতর থেকে কাই হাভার্টজের জোরাল শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ১০ম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে হাভার্টজের হেড ঝাঁপিয়ে রক্ষা করেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ম্যাচের ২২ মিনিটে কর্নার থেকে আলেকসান্দার পাভলোভিচের হেড গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালেও ফাউলের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন । ৪০তম মিনিটে জামাল মুসিয়ালার আক্রমণও ফাউলের কারণে বাতিল হয়।
ম্যাচের ৩০তম মিনিটে জার্মানিকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁ দিক দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে পাস দেন ইয়ান ডিওমান্ডে। আমাদ জিয়ালোর শট জার্মান ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন আটকে দিলেও ফিরতি বলে নিখুঁত শটে জাল খুঁজে নেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফঁক কেসিয়ে। ২৯ বছর ১৮৩ দিন বয়সে গোল করে বিশ্বকাপে আইভরি কোস্টের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হলেন কেসিয়ে। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি দিদিয়ের দ্রগবা (২০১০ সালে ৩২ বছর ১০১ দিন)।
জার্মানি দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ৬০তম মিনিটে জামাল মুসিয়ালাকে উঠিয়ে মাঠে নামায় ডেনিস উন্দাভকে। বদলি হিসেবে মাঠে নেমে ৮ মিনিটের মাথায় (৬৮তম মিনিট) নাদিম আমিরির ক্রস থেকে চমৎকার ভলিতে জার্মানিকে সমতায় ফেরান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও বদলি নেমে ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন তিনি। সিমোঁ আদিঙ্গা ৮৯তম মিনিটে আইভরি কোস্টের এই খেলোয়াগ সুবর্ণ একটি সুযোগ হাতছাডাঁ করলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল । তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪তম মিনিট) ফিলিক্স মেচার পাস থেকে বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জাদুকরী শটে জার্মানির জয় নিশ্চিত করেন উন্দাভ।
দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে জার্মানি। ২০০৬ সালের পর জার্মান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতলো জার্মানি। ২০১৪ সালে শিরোপা জেতার পর ১২ বছর নকআউট পর্বে উঠলো তারা। এর আগে প্রথম দুটো আসরে প্রথম পর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল। এদিকে আইভরি কোস্ট সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। একুয়েডর ও কুরাসাও এখনো কোনো পয়েন্ট পায়নি। নকআউটে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে রয়েছে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্টের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











