সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টে একটি চক্র ষড়যন্ত্র করছে: নবাবগঞ্জে রুহুল কবির রিজভী
দেশ ও বিদেশে সক্রিয় একটি মহল বর্তমান সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, পূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছেন। পাশাপাশি দলীয়ভাবে জাতীয় কমিটি গঠন করে পূজা কমিটির সঙ্গে সার্বিক সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে পাহারা নিশ্চিত করা এবং ধর্মীয় আবহ বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রসারে অবদানের প্রশংসা করে তিনি বলেন, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের মতো ব্যক্তিদের সম্মান জানিয়ে তিনি বলেন, যারা স্বাবলম্বী হয়েও নিজ অঞ্চলের কথা ভোলেন না, তারাই প্রকৃত সমাজসেবক।
স্থানীয় এলাকার সম্প্রীতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি নেতা রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গোৎসবে সব সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা কার্যকর ভূমিকা রাখবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের শরীর চর্চা ও সুস্থ ধারার বিনোদনে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দেশ সবার এবং প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। বিশেষ করে যন্ত্রাইল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সহযোগিতার কথা স্মরণ করে তিনি কথা দেন, প্রতিটি পূজামণ্ডপের সুরক্ষায় তাঁর দলের কর্মীরা দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে আয়োজনে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে দোহার সার্কেলের এএসপি শামীম হোসেন, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











