স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৫ অক্টোবর ২০২৬ - ১৫:০৭
প্রকাশিত: ১৩ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি সংগৃহীত

দেশের সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর সার্বিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ : নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কারে যে মাস্টারপ্ল্যান বা বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা শতভাগ কার্যকর হলেও একযোগে সব বাস্তবায়ন করা বেশ কঠিন। তাই অগ্রাধিকারভিত্তিতে নির্দিষ্ট কিছু কাজ চিহ্নিত করে ধাপে ধাপে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

​বিভিন্ন দেশের প্রচলিত আইন পর্যালোচনা ও তা দেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে এই আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষকে নিজস্ব পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। এর ফলে অনেকেই চরম অর্থনৈতিক ও সামাজিক ভোগান্তিতে পড়েন, যা অত্যন্ত দুঃখজনক।

​বিশেষ করে নারী স্বাস্থ্যের ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, গর্ভকালীন সময়ে মায়েদের বিব্রতকর অভিজ্ঞতা ও চিকিৎসা সংক্রান্ত হয়রানি থেকে সুরক্ষা দেওয়া জরুরি। গ্রামীণ ও উপজেলা পর্যায়ের হেলথ সেন্টারগুলোকে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে রূপান্তর করা হবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় সাশ্রয়ী খরচে স্তন ও জরায়ুমুখ ক্যানসারের স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হবে—যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও চীনে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

​স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের নানা অনিয়ম ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সততা এবং নিষ্ঠার সাথে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0