মার্কিন উদ্যোগ সত্ত্বেও রুশ তেল শোধনাগরে ইউক্রেনের নতুন ড্রোন হামলা, ক্ষুব্ধ জেলেনস্কি
জ্বালানি স্থাপনায় হামলা সাময়িক বন্ধ রাখার মার্কিন মধ্যস্থতা সত্ত্বেও রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর ওই শোধনাগারে তীব্র আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ। বর্তমানে ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন এবং সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।
সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের একটি আকস্মিক উদ্যোগ নেন। ওই আহ্বানের পর ইউক্রেন কিছুদিন হামলা বন্ধ রাখলেও রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে কিয়েভ তাদের অবস্থান পরিবর্তন করেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রাশিয়া তাদের আক্রমণ অব্যাহত রাখলে ইউক্রেনও একতরফাভাবে হামলা বন্ধ রাখবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, রুশ তেল শোধনাগারে হামলার ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটনের সাথে মস্কোর বাণিজ্যিক সম্পর্ক ও চুক্তির আগ্রহ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রশাসনের মনোভাবের কড়া সমালোচনা করেন। এর আগে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার সাথে সম্পর্কিত কিছু পদক্ষেপের ঘোষণা দেওয়া হয় এবং ইউক্রেনের হামলার সমালোচনা করা হয়।
এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগাম গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার সামরিক সংস্করণ ধীরগতির হয়ে পড়ার কারণে ইউক্রেনের সামরিক অভিযান এবং রুশ স্থাপনায় হামলা পরিচালনা ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











