বক্স অফিস কাঁপাতে ফিরছেন রজনীকান্ত, আসছে ‘জেলার ২’
ব্লকবাস্টার সাফল্যের পর আবারও রুপালি পর্দায় দেখা মিলবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের। ২০২৩ সালে বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি আয় করা ‘জেলার’ সিনেমার সিক্যুয়াল ‘জেলার ২’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার এই বহুল প্রতীক্ষিত সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।
প্রথম পর্বের কাহিনীর ধারাবাহিকতা বজায় রেখে শুরু হবে ‘জেলার ২’-এর গল্প। অবসরপ্রাপ্ত জেলার ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান (রজনীকান্ত) চরিত্রটি এবার এক আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের মুখোমুখি হবে। এতে পারিবারিক আবেগ ও প্রতিশোধের পাশাপাশি মুথুভেল পান্ডিয়ানের অতীত জীবনের নানা অজানা অধ্যায় উঠে আসবে। পরিচালক নেলসন দিলীপকুমারের বিশেষ নির্মাণশৈলী ও অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে সিনেমাটিতে থ্রিলিং অ্যাকশনের পাশাপাশি থাকছে নজরকাড়া ভিজ্যুয়াল।
প্যান ইন্ডিয়ান এই চলচ্চিত্রে তারকাবহরে এসেছে বড় পরিবর্তন। রজনীকান্তের বিপরীতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন এস জে সূর্য। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানকে। বিশেষ উপস্থিতি ও অতিথি চরিত্রে ফিরছেন মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি, বিনায়কান, বসন্ত রবি, পূর্ণা ও রাজেশ মাধবন। পূর্বের মতোই অন্যান্য চরিত্রে দেখা যাবে রম্যা কৃষ্ণন ও যোগী বাবুকে। অন্যদিকে, নোরা ফাতেহিকে ‘বিন্দাস’ শিরোনামের একটি গানে পারফর্ম করতে দেখা যাবে।
তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড়—এই পাঁচ ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটি ইতোমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ৪০ কোটি রুপি বাণিজ্য করেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম সপ্তাহেই এটি বক্স অফিসে শতকোটি রুপির মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়ে তুলতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











