ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা, ৬,৬৫৩ শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ
খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) আওতা বাড়ানো ও চাল-আটা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। এই নীতিমালা বাস্তবায়ন হলে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কমিটি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের ব্যাপক জনবল সংকটের বিষয়টি সামনে আসে। বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদে মোট ৬ হাজার ৬৫৩টি পদ খালি রয়েছে। উক্ত শূন্যপদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে না করে দ্রুত সময়ের মধ্যে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণের জন্য জোরালো সুপারিশ করে স্থায়ী কমিটি।
এদিকে, অপরিকল্পিত নগরায়ণ ও বসতি স্থাপনের কারণে দেশে আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়া নিয়েও বৈঠকে উদ্বেগ জানানো হয়। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, আবাদি জমি সংরক্ষণ নিশ্চিত করতে এবং কৃষিভিত্তিক জমিতে অননুমোদিত যেকোনো ধরনের ব্যবহার বন্ধে নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।
বৈঠকে জনস্বাস্থ্যের সার্বিক নিরাপত্তায় খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানান, খাদ্যে ভেজাল রুখতে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক। খাদ্য উৎপাদন, প্রসেসিং ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে প্রশাসনিক মনিটরিং জোরদারের পাশাপাশি বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ চলছে।
কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু মন্তব্য করেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষের দ্বারে ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্য আবুল কালাম, আবু তালেব মন্ডল, আবদুল করিম, শামছুন্নাহার বেগম এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











