বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান খান
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অভিনেতা আমির খানের ভাগ্নে ও ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত তারকা ইমরান খান সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার সঙ্গে অভিনেতা আমির খানের ভাইঝি জায়ন মারি ও অন্য সঙ্গীরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের আটক করে, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান খান মার্কিন পাসপোর্টের অধিকারী একজন বিদেশি নাগরিক এবং তার কাছে ওসিআই (OCI) কার্ড রয়েছে। ভারতীয় নাগরিক না হয়েও কোনো রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিজেপির সাবেক সংসদ সদস্য কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এ ধরনের রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার কোনো আইনি অধিকার আছে কি না। পাশাপাশি সামাজিক মাধ্যমে তাকে দেশ থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি।
এদিকে এর আগে আটকের সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরান খান দাবি করেছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা বিশেষ কোনো দাবি নিয়ে সেখানে যাননি। মুম্বাই শহরের সাধারণ নাগরিক হিসেবে মানুষের চলাচলের স্বাধীনতা ও কণ্ঠরোধের বিষয়টি দেখতেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন বলে জানান। বর্তমানে মুম্বাই পুলিশের এই নোটিশের পর অভিনেতা বা তার তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকেই নজর রয়েছে চলচ্চিত্র অঙ্গনের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











