আলবেনিয়ায় শিক্ষা ব্যয় ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, ব্যাংকে আগুন
আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা খাতের ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ তীব্র সংঘাতে রূপ নিয়েছে। স্থানীয় সময় বুধবার হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা একটি সরকারি ভবন ও দুটি ব্যাংকে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে হামলা চালান এবং সেখানে আগুন ধরিয়ে দেন। উত্তপ্ত পরিস্থিতিতে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন, ময়লার পাত্র উল্টে দেন এবং আশেপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি অবস্থিত রাইফাইসেন ব্যাংকের একটি শাখায়ও আগুন ধরে যায়।
প্রধানমন্ত্রী এদি রামার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম তীব্র সহিংসতার ঘটনা। গত বছরের মে মাসের সাধারণ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন তিনি। তবে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রশাসনের বিরুদ্ধে জনঅসন্তোষ ক্রমাগত বেড়েই চলেছে।
শিক্ষা খাতের বর্ধিত ব্যয় এই বিক্ষোভের অন্যতম প্রধান একটি কারণ। এর পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের প্রতিও শিক্ষার্থীদের অনাস্থা রয়েছে। ফলে সরকারের ওপর তীব্র ক্ষোভ থাকলেও অনেক বিক্ষোভকারী বিরোধী রাজনৈতিক নেতাদের কার্যকর বিকল্প হিসেবে গ্রহণ করতে চাইছেন না।
এর আগে গ্রীষ্মকালজুড়েও রামা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালিত হয়েছিল। আলবেনিয়ার দক্ষিণ উপকূলে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রস্তাব ঘিরে মূলত ওই আন্দোলনগুলো দানা বেঁধেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট ওই প্রকল্পটি ইতিমধ্যে আইনি বিরোধে জড়িয়েছে। বর্তমান শিক্ষা ব্যয়, দুর্নীতির অভিযোগ এবং সরকারের নানা বিতর্কিত সিদ্ধান্ত আলবেনিয়ার রাজনৈতিক অঙ্গনকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











