বিদেশে আ. লীগ ও দেশে বিএনপির কারণে মানুষ অতিষ্ঠ: নাহিদ ইসলাম

১৩ অক্টোবর ২০২৬ - ১৬:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিদেশে আ. লীগ ও দেশে বিএনপির কারণে মানুষ অতিষ্ঠ: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে আয়োজিত এক নাগরিক সভায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ এবং দেশের ভেতরে সক্রিয় বিএনপির অপরাজনীতির কারণে সাধারণ জনগণ শান্তির মুখ দেখছে না।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা কর্তৃক আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য এবং দুর্নীতির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

​বক্তব্যে এনসিপি আহ্বায়ক অভিযোগ এনে বলেন, রাজনৈতিক গোপন সমঝোতার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। বর্তমানে স্বৈরাচারী শক্তি ও চাঁদাবাজরা এক হয়ে দেশের ক্ষতি করার পরিকল্পনা করছে।

​বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগের মাধ্যমেই রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে, যার ফলে তিনি দেশে ফেরার সুযোগ পেয়েছেন। এনসিপি নেতা আরও বলেন, বিগত দিনের অর্থ পাচারকারীদের জায়গায় এখন নতুন গোষ্ঠী সক্রিয় হয়েছে। দলের মধ্যকার দখলদার, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের অনতিবিলম্বে বহিষ্কার না করলে ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

​বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, গ্যাসসহ নিত্যপণ্যের দাম চরম পর্যায়ে পৌঁছালেও তা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। এছাড়া, বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

​শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রতিনিধি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0