ডেঙ্গু রুখতে পাড়া-মহল্লায় মাইকিং ও মসজিদে খুতবার নির্দেশনা প্রধানমন্ত্রীর
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধমূলক বার্তা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ বিষয়ক এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এসব তথ্য জানান।
সভায় ডেঙ্গু পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আগামী কয়েক মাস ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সময়। এ পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সরকারি দফতর ও সংস্থাকে সমন্বিত উদ্যোগ নিয়ে মাঠে থাকার তাগিদ দেন তিনি। বিশেষ করে যেসব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সেখানে বিশেষ জোর দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দেন সরকারপ্রধান।
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী পাড়া-মহল্লায় সচেতনতামূলক প্রচার ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার এবং হাসপাতাল প্রাঙ্গণ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











