রূপপুর বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা

১৩ অক্টোবর ২০২৬ - ১৪:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রকল্পটির প্রথম ও দ্বিতীয় ইউনিটে সফলভাবে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস)। এর পাশাপাশি প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রম আরও গতিশীল করতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

​রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহকৃত এপিসিএস ব্যবস্থার আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি যুক্ত রয়েছে। এর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতা ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির সামগ্রিক পরিচালনা আরও নিরাপদ ও দক্ষ হবে বলে আশা করা হচ্ছে।

​কেন্দ্রটির কার্যক্রম আরও ফলপ্রসূ করতে ডিজিটাল টুইন প্রযুক্তির সাহায্যে ওআইএসএস তৈরি করেছে আরএএসইউ। প্রথম ইউনিটের প্রাথমিক চালনা কার্যক্রমে বর্তমানে এই প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এমনকি দ্বিতীয় ইউনিটেও একই ধরনের প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

​ওআইএসএসের আরেকটি বিশেষ অংশ হলো এআইসিএস, যা ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে যেকোনো সম্ভাব্য অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতিতে করণীয় ঠিক করতে অপারেটরদের জন্য এতে রয়েছে ৮০টিরও বেশি নির্দেশিকা। ফলে নিয়ন্ত্রণকক্ষের কর্মীরা জটিল তথ্য সহজে বিশ্লেষণ করে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

​রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যতম বড় উদ্যোগ। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ওআইএসএস প্রযুক্তি বাস্তবায়ন করা হলো। এই নতুন প্রযুক্তির ফলে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় হ্রাসের পাশাপাশি পরিচালন ব্যয় কমবে এবং কর্মীদের কাজের নির্ভরযোগ্যতা বাড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0