প্রশ্নফাঁসের অভিযোগে প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবি: যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ঢাকার মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা হিসেবে পরিচিত এই সংগঠনের নেতাকর্মীরা আজ রোববার দুপুর ১২টার দিকে দিলকুশায় অবস্থিত অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং মেধার মূল্যায়নের দাবিতে নানা স্লোগান দেন। তাদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ, প্রশ্নফাঁসের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান, ভাইভা এবং পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি নিরসন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে স্পষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম অভিযোগ করে জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে স্পষ্ট যে যুবকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয় ব্যর্থ হচ্ছে। এমন একটি বড় অনিয়মের পরও দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীর স্পষ্ট বক্তব্য না থাকা হতাশাজনক উল্লেখ করে তিনি নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। পরবর্তীতে বেলা পৌনে ১টার দিকে তাদের ঘেরাও কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











