জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬ - ১৪:৩১
প্রকাশিত: ৫০ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী
ছবি সংগৃহীত

দেশের বৈদেশিক বাণিজ্য গতিশীল করতে এবং সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দরের সার্বিক পরিচালনায় শৃঙ্খলা আনতে 'জাতীয় বন্দর কৌশল' (ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি) তৈরি করছে সরকার। এই সমন্বিত নীতি প্রণয়নে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের সুবিধাকে প্রাধান্য না দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে।

​রবিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

​বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে বন্দরগুলোর দক্ষতা বাড়ানো এখন যুগের দাবি। এর আগে একটি সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করার প্রয়োজনীয়তা থাকলেও তা বিলম্বিত হয়েছে। বর্তমান সরকার বাণিজ্য সহজীকরণে দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে।

​তিনি জোর দিয়ে বলেন, জাতীয় বন্দর কৌশল তৈরির সময় কোনো একক সংস্থা বা কর্তৃপক্ষের আইনগত একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করা হবে না। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করাই এর প্রধান লক্ষ্য।

​দেশের বন্দরগুলো আলাদা আলাদা কর্তৃপক্ষের অধীন পরিচালিত হলেও এর কার্যক্রমে কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অংশীদার যুক্ত রয়েছে। ফলে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কৌশল তৈরি করতে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহযোগিতায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পোর্ট টার্মিনাল পরিচালনা ও কনটেইনার ব্যবস্থাপনায় বিশ্বমানের দক্ষতা আনতে বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে। ডেনমার্কের এপি মোলার, সিঙ্গাপুরের পিএসএ ও ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের যুক্ততা দেশের বন্দর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যেকোনো বিনিয়োগ ও আন্তর্জাতিক চুক্তিতে রাষ্ট্রীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0