দিল্লিতে ভোটার তালিকার অনিয়ম নিয়ে বিক্ষোভ অব্যাহত, আটক ৩ নেতা মুক্ত

১১ অক্টোবর ২০২৬ - ১১:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লিতে ভোটার তালিকার অনিয়ম নিয়ে বিক্ষোভ অব্যাহত, আটক ৩ নেতা মুক্ত
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে বিমানবন্দর থেকে আটক তিন জনপ্রিয় রাজনৈতিক নেতা—ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিচারিক নির্দেশনায় মুক্তি দিয়েছেন আদালত।

​শনিবার সকালে দিল্লিতে অবতরণের পরপরই একটি বিমান থেকে তাদের আটক করে পুলিশ। তবে প্রতিরোধমূলক আটকের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির আদেশ জারি করেন। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারসাজি করে প্রায় ১৩ কোটি ভোটারের নাম মুছে ফেলার অভিযোগ তুলে সরব হন সিজেপি নেতারা।

​এর আগে শুক্রবার বিক্ষোভের প্রথম দিনে রাজনীতিকসহ তিন হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হলেও রাতেই ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় এলাকায় জমায়েত রোখাতে রাজধানীজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে বিক্ষোভকারীরা বিভিন্ন স্পটে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে আন্দোলন জোরদার করেন। অন্যদিকে, আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার রাতে সাময়িক আটক থাকা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গভীর রাতে মুক্তি দেয় পুলিশ।

​এদিকে বিক্ষোভ কেন্দ্র করে দিল্লি মেট্রোর পরিষেবা ব্যাহত বা বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার আবেদন জমা পড়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ রবিবার মেট্রো চলাচল স্বাভাবিক রাখার নির্দেশনা দিলেও স্টেশনগুলোতে কড়া পুলিশি নিরাপত্তা বহাল রাখা হয়।

​উল্লেখ্য, মেডিকেল প্রবেশিকা নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ থেকে যাত্রা শুরু করা ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল সিজেপির ওপর দেশটির বিরোধী দলগুলোর সমর্থন রয়েছে। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই আন্দোলনকে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত বলে অভিহিত করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বিদেশি মদদের অভিযোগ তুললেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের অধিকার থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার সঠিক জবাবদিহি না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0