মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ

১১ অক্টোবর ২০২৬ - ১০:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহলদলের তাৎক্ষণিক কঠোর নজরদারি ও বাধার কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

​রোববার (১১ অক্টোবর) ভোর প্রায় ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ রংমহল বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৩৭-এর কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মুরুটিয়া থানা এলাকার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্যরা ছয় বাংলাদেশি নাগরিককে (দুই পুরুষ ও চার নারী) জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় রংমহল বিওপির একটি নিয়মিত টহলদল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জিরো লাইনে অবস্থান নেয় এবং দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। এতে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠাতে পারেনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয়জন নাগরিক সীমান্ত পিলার ১৩৭ হতে কাঁটাতারের ফাঁক দিয়ে ভারতের সীমানার আনুমানিক ১০০ গজ ভেতরে অবস্থান করছেন।

​তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0