জাতীয় দিবস পালনে নতুন পরিপত্র জারি, সরকারি অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত নীতিমালা বা পরিপত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে এর আগে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
নতুন এই পরিপত্রে আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন ও সরকারি ছুটি রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ উৎসবের বাইরে দিবস পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সরকারি ব্যয় সাশ্রয় এবং জনদুর্ভোগ এড়াতে নতুন পরিপত্রে বলা হয়েছে, দিবস পালনের ক্ষেত্রে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা এবং বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব বর্জন করতে হবে। তবে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান সম্প্রচার এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। কোনো কর্মদিবসে বড় ধরনের সমাবেশ বা শোভাযাত্রা করা থেকে বিরত থাকতে হবে।
সপ্তাহব্যাপী কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে অনুষ্ঠানের সময়সূচি তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি কর্মসূচি যেন সাধারণ দাপ্তরিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটায়, সে বিষয়ে যত্নবান হতে হবে। আলোচনা সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিন অথবা অফিস সময় শেষ হওয়ার পর আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও জানানো হয়, কোনো রকম নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন হয় না—এমন সাধারণ ইভেন্টগুলো ছুটির দিন বা কার্যদিবসে আয়োজন করা যাবে। বিশেষ কোনো দিবস বা সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাইরে বা জেলা পর্যায় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।
রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের নীতি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো একই তারিখে একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক দিবস উদযাপনের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে এসংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











