অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৫৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেই ৭১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছাল এক লাখ তিন হাজার ৩৯৬ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা। এছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
বর্তমানে আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত আগস্ট মাস থেকেই ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৪৩ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি অক্টোবরের মাত্র ১৩ দিনেই শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭৬ জন রোগী। এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৬ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হয়েছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











