হাসপাতালের বেডে শুটিংয়ের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা: আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের চিত্রধারণ চলাকালে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় নাকে গুরুতর আঘাত পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। একটি দৃশ্য ধারণের সময় ভারসাম্য হারিয়ে চিত্রগ্রাহক (ডিওপি) ক্যামেরাসহ সরাসরি তাঁর মুখের ওপর পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভয়ংকর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রিয়ন্তী। তিনি জানান, রাজধানীর মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে ‘মনের মতো’ নাটকের শুটিং চলছিল। দৃশ্যটি ছিল হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায়। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। বেডটি টেনে অন্য রুমে নেওয়ার সময় হঠাৎ ঝাঁকুনি খেলে চিত্রগ্রাহক ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান।
ঘটনার পর তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, আঘাত পাওয়ায় নাক বেশ ফুলে গেলেও ভাগ্যক্রমে ভেঙে যায়নি। ব্যথা কমাতে তাঁকে প্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
এই ঘটনার জন্য ইউনিটের কাউকে দায়ী করেননি প্রিয়ন্তী। তিনি একে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। শারীরিক যন্ত্রণা থাকা সত্ত্বেও কাজের দায়িত্ববোধ থেকে শুটিং বন্ধ রাখেননি এই অভিনেত্রী। তিনি পরদিনও কাজে অংশ নিয়ে গভীর রাত পর্যন্ত শুটিং সম্পন্ন করেন।
উল্লেখ্য, রাসেল আজম পরিচালিত ‘মনের মতো’ নাটকে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী। এতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা আরশ খান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











