ছয় বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, দেখা যাবে ওটিটিতে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন। নির্মাতা হংসল মেহতার পরিচালনায় একটি নতুন ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। প্রখ্যাত এই নির্মাতা ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জন্য এই প্রজেক্টটি নির্মাণ করছেন এবং এরই মধ্যে এর শুটিং শুরু হয়েছে।
সিরিজটিতে বিপাশার পাশাপাশি আরও অভিনয় করছেন উদীয়মান তারকা সানি কৌশল ও বিশাল জেঠওয়া। তবে এই প্রজেক্টের নাম, বিপাশার চরিত্র বা মুক্তির তারিখ এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রাইম ও ড্রামা ঘরানার এই সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার। প্রযোজনা করছে প্রবীণ সান্ধুর প্রোডাকশন হাউস আলমাইটি মোশন পিকচার্স।
গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে একটি ছোট শহরকে কেন্দ্র করে, যা ধীরে ধীরে মহাদেশের অন্যতম প্রধান হেরোইন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়। অপরাধজগতের এই বিস্তারে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সিরিজে একজন সৎ ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। তাকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি বিভাগের ভেতরের ও বাইরের ক্ষমতাধর চক্রের মোকাবেলা করতে হয়, যেখানে তার সততা ও মানবিক মূল্যবোধ চরম পরীক্ষার মুখে পড়ে। তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্রগুলো ঠিক কীভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ের পর থেকেই অভিনয় থেকে দূরে ছিলেন বিপাশা। বেশির ভাগ সময় তিনি পরিবার ও সংসারেই মনোযোগ দিয়েছিলেন। ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে কন্যাসন্তান দেবী জন্মগ্রহণ করে। এর আগে ২০২০ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে 'ডেঞ্জারাস' নামের একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। তারও আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা 'অ্যালোন'-এ দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাকে। দীর্ঘ বিরতির পর নতুন এই প্রজেক্টের মাধ্যমে বিপাশার অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











