আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

০৯ জুলাই ২০২৬ - ১৪:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আসাদুজ্জামান, (ফাইল ছবি সংগৃহিত)

আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার পর আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

​তবে নির্বাচনকালীন এই সরকার ঠিক কোন প্রক্রিয়ায় এবং কাদের সমন্বয়ে গঠিত হবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেখার পর বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

​এর আগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আদেশ ঘোষণা করেন। আইনজীবীদের মতে, এই ঐতিহাসিক রায়ের ফলে দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং জনগণের গণভোটের অধিকার ফিরে এসেছে।

​পরবর্তী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, "ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।" তিনি অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের ফলেই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা তৈরি হয়েছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আইনি রূপরেখা প্রণয়ন করে।

​মন্ত্রী আরও যোগ করেন, বিগত ১৬-১৭ বছর ধরে বিএনপি এই ব্যবস্থার জন্য রাজপথে লড়াই করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান নিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছিল, তার মূল লক্ষ্যই ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না এবং এই বিষয়ে বর্তমান সরকার রাজনৈতিকভাবে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0