হবিগঞ্জে এনসিপির বহরে হামলা: বর্তমান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে, অভিযোগ নাহিদের

২৯ জুলাই ২০২৬ - ২৩:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হবিগঞ্জে এনসিপির বহরে হামলা: বর্তমান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে, অভিযোগ নাহিদের
ছবি সংগৃহীত

বর্তমান সরকার পুরোনো স্বৈরাচারের পথ ধরে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

​বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

​নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবিকে সরকার তোয়াক্কা করছে না। সংস্কার ও বিচারে বাধার সৃষ্টি করে একটি সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থা বজায় রাখার চেষ্টা চালানো হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জে আসার পর হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। ওই হামলায় এক কিশোরের চোখ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।

​স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দল সামলানোর পরিবর্তে সেখানে সন্ত্রাসী লালন-পালন করা হচ্ছে। ঘটনার পর পুলিশ প্রথমে অভিযোগ নিতে বাধা দিলেও এনসিপির শক্ত অবস্থানের মুখে শেষ পর্যন্ত কামাইছড়া ক্যাম্পে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। পাশাপাশি পুলিশ দুই ঘণ্টার মধ্যে মামলার কপির আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

​বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপি আহ্বায়ক বলেন, রাজনৈতিক কিংবা আইনগত কোনো মন্তব্য থাকলে তার ব্যবস্থা আইনিভাবে বা জনরায়ে হতে পারে; কিন্তু আইন হাতে তুলে নেওয়ার অধিকার ছাত্রদল বা বিএনপির নেই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পুলিশের নিরপেক্ষতা প্রমাণের দাবি জানান তিনি।

​অভিযোগ প্রদানকালে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0