হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

৩১ জুলাই ২০২৬ - ১২:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
নাসির উদ্দিন পাটোয়ারি ও সারজিস আলম। ছবি:সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ ১০ নেতার নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। হত্যাচেষ্টা, মারধর, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত এই অভিযোগপত্রটি পেশ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। এজাহারে ১০ জন নামীয় নেতার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

​মামলার বিবরণে নাম উল্লেখ করা অন্য অভিযুক্তরা হলেন—নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল এবং ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

​লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। ছাত্রদলের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শোকসভায় যোগ দিতে তারা জড়ো হয়েছিলেন। সে সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

​অভিযোগে আরও বলা হয়, এই হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ একাধিক ব্যক্তি আহত হন। হামলায় রড, রামদা, ফিকল ও ইট-পাটকেল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সুযোগে নেতাকর্মীদের ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন এবং ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগও এনেছেন বাদী।

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, এনসিপির নেতাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0