হবিগঞ্জে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি: অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরসভায় ১৪৪ ধারা জারি

২৯ জুলাই ২০২৬ - ১২:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হবিগঞ্জে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি: অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরসভায় ১৪৪ ধারা জারি
আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি একই দিনে হবিগঞ্জ শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার দিনক্ষণ নির্ধারণ করে। অন্যদিকে, এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা যুবদল ও ছাত্রদল একই স্থান ও সময়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।

​দুই পক্ষের এই পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে স্থানীয় রাজনীতিকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল জনসমাগমের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

​জারিকৃত আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌরসভা সীমানার মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, পিকেটিং, মাইকিং কিংবা যেকোনো ধরনের উচ্চশব্দ তৈরি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

​উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে দলটি দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। হবিগঞ্জের সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অংশ নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যের প্রতিবাদেই মাঠে নামে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0