সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ‘সেফ এক্সিট’ বন্ধ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

২৫ জুলাই ২০২৬ - ১১:৪৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ‘সেফ এক্সিট’ বন্ধ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
নেত্রকোনায় পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি :সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেন কোনো ধরনের 'সেফ এক্সিট' না পান এবং দেশ ছেড়ে বিদেশে পালাতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে শারীরিক অসুস্থতার অজুহাতে তাকে ছাড় না দিয়ে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

​এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোনা শহরের পুরোনো কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

​সংগঠনের শীর্ষ এই নেতা বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশ করা হলেও এর পেছনে অন্য পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার নিজেদের কৌশল অনুযায়ী তাকে দিয়ে এই পদত্যাগ করিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ না দিয়ে সরাসরি অপসারণ করে গ্রেপ্তার করা উচিত ছিল। তাই এখন কোনো অজুহাতে তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।

​পথসভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে। সংস্কার, বিচার ও জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা ভুলে গেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

​এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া স্টেশন মাঠে আয়োজিত অপর এক পথসভায় হাওরাঞ্চলের নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম বলেন, যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে অসুস্থ মানুষ সময়মতো চিকিৎসা পান না। পাশাপাশি কৃষকেরা তাদের ফসলের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। হাওরে নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের কেবল সামান্য চাল বা ধান দিয়ে সহায়তা করা হয়, যা তাদের জীবিকার জন্য যথেষ্ট নয়। সাময়িক ত্রাণের বদলে দীর্ঘমেয়াদি ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির জোর দাবি জানান তিনি।

​নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরাঞ্চলকে দেশের অত্যন্ত সম্ভাবনাময় সম্পদ হিসেবে বর্ণনা করে এনসিপির এই নেতা বলেন, বিশেষ পরিকল্পনার মাধ্যমে এখানকার মৎস্য খাত ও পর্যটনশিল্পের উন্নয়ন করা জরুরি। এতে স্থানীয় মানুষের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। এই মৌলিক দাবি ও সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0