আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ২০:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিগত সরকারের শাসন আমলে দেশের প্রায় ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে ভুয়া ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, দায়ের করা এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ প্রশাসন।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​আইনমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বিনাবিচারে রাজনৈতিক কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এ সময় সাড়ে চার হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাত শতাধিক নেতাকর্মীকে গুম করার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীও অনুরূপ পরিস্থিতির শিকার হয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

​বিচার নিশ্চিত ও মাদকবিরোধী কঠোর বার্তা

​বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী জানান, পুলিশ এখন আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা করছে না এবং হয়রানির সংস্কৃতি বন্ধ করা হয়েছে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

​সভায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটি নির্মূলে কেবল প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাগেরহাটে মাদক দূরীকরণে মসজিদের ইমামসহ সর্বস্তরের নাগরিককে সম্পৃক্ত করার নির্দেশ দেন তিনি। মাদক ইস্যুতে সরকারের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, নিজ দলের কেউ এতে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।

​বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0