আলমডাঙ্গায় মুরগী খামার থেকে নিখোঁজের ৩ দিন পর থানায় হাজির যুবক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া রাজাবুল ইসলাম (৩৫) নামের এক যুবক তিন দিন পর নিজেই থানায় হাজির হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাতে তিনি আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে দাবি করেন, বন্ধুদের সাথে হজরত শাহজালাল (র.)-এর মাজারে গিয়েছিলেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ওসমানপুর গ্রামের আইনাল হকের ছেলে রাজাবুল বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করতেন এবং প্রতিদিনের মতো গত শনিবার (৯ আগস্ট) রাতেও সেখানে অবস্থান করছিলেন। রাত ২টা ৩০ মিনিটের দিকে তিনি স্ত্রীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে জানান, খামারের আশপাশে অজ্ঞাত ব্যক্তিদের ফিসফিস শব্দ শুনতে পেয়ে তিনি ভয় পাচ্ছেন। তিনি স্ত্রীকে অবিলম্বে মেজো ভাইকে সাথে নিয়ে খামারে আসতে বলেন। কিন্তু গভীর রাত হওয়ায় স্ত্রী ঘুমিয়ে থাকায় বার্তাটি তাৎক্ষণিকভাবে দেখতে পাননি।
পরদিন রোববার (১০ আগস্ট) ভোরে বার্তাটি দেখার পর পরিবারের সদস্যরা খামারে গিয়ে তাকে পাননি। সেখান থেকে তার পরনের পোশাক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয় এবং পুলিশ তদন্তে নামে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
তবে রাজাবুলের বাবা আইনাল হক শুরু থেকেই এই নিখোঁজের ঘটনাটিকে আত্মগোপন বলে দাবি করছিলেন। পারিবারিক টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করলে রাজাবুলের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকেই ছেলে খামারে থাকা শুরু করে। আইনাল হকের অভিযোগ, ছেলের শ্বশুরবাড়ির লোকজনের ইন্ধনে রাজাবুলকে প্ররোচিত করে তাকে হেনস্তা করার জন্যই এই নাটকের অবতারণা করা হয়েছিল।
এদিকে, নিখোঁজ যুবক মঙ্গলবার নিজে থেকেই থানায় হাজির হন। তবে কোনো পূর্বঘোষণা ছাড়া এভাবে আত্মগোপন করে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আলমডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) শেখ বানী ইসরাইল জানান, নিখোঁজ যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











