পেশোয়ারে স্কুল ভবন ধস: নিহত বেড়ে ২৮, শোক প্রকাশ শীর্ষ নেতাদের
পাকিস্তানের পেশোয়ার শহরের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের নামের একটি বেসরকারি বিদ্যালয়ের ভবন ধসে পড়ার ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম নিশ্চিত করেছেন যে, এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে এখন ২৮ জনে দাঁড়িয়েছে। এর আগে হতাহতের প্রাথমিক সংখ্যা ১৭ জন বলে জানানো হয়েছিল।
নিহতদের মধ্যে ২৭ জন কোমলমতি শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো পুরোদমে চলছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, ধসে পড়া ভবনের নিচে এখনও আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, স্কুল চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থী থাকা অবস্থায় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে আসেন। সামিউল্লাহ নামের এক অভিভাবক সংবাদমাধ্যম ডনকে জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে আট বছরের কম বয়সী তিনটি মেয়েশিশুকে নিরাপদে উদ্ধার করেছেন। তার নিজের ছয় সন্তান ওই স্কুলে পড়াশোনা করে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি অবিলম্বে ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ছাদ ধসে পড়ার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের তাগিদ দিয়েছেন। পাশাপাশি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই দুর্ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের মারাত্মক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে স্কুলগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











