হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১ ও আহত ৩
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ইরানের হেংগাম ও কেশম দ্বীপের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-র বরাতে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি জানান, স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টার দিকে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজন হতাহত হলেও কারা এই আক্রমণ চালিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। তবে এই ঘটনার আগে শনিবার গভীর রাতে কেশম দ্বীপের আশপাশের অঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রধান এই নৌপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এ প্রণালি দিয়ে সাধারণ নৌযান চলাচল সংকুচিত করে। বর্তমানে ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ পথে জাহাজ চলাচল নিষিদ্ধ করার পাশাপাশি নির্দিষ্ট পারাপার ফি আরোপের পরিকল্পনা করছে দেশটি।
তেহরানের দেওয়া কঠোর নির্দেশ অমান্য করে চলাচলকারী নৌযানগুলো প্রায়ই এ ধরনের আক্রমণের শিকার হচ্ছে। অন্যদিকে, হরমুজ প্রণালির ওপর ইরানের একচ্ছত্র কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে মার্কিন বাহিনীও মাঝে মাঝেই দেশটির উপকূলীয় এলাকায় পাল্টা সামরিক হামলা চালিয়ে আসছে।
উদ্ভূত এই সামুদ্রিক ও অর্থনৈতিক সংকট নিরসনে আগামীকাল সোমবার ওমানের মধ্যস্থতায় ইরান এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুত্র : আল-জাজিরা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











