বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংস্কারমূলক পদক্ষেপ ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে অংশীদারত্বের আলোচনা বেশ সুচারুভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিগত দিনের অর্থনৈতিক উত্তরাধিকার এবং বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশের অর্জিত অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যৌথ অংশীদারত্বে দেশের অর্থনৈতিক ধারাকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।
তিনি জানান, গত কয়েক দিন ধরে বাংলাদেশের প্রতিনিধিদল আইএমএফের সাথে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানসহ মূল বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা করেছে। আজকের বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
ব্যাংকিং খাত ও রাজস্ব আহরণ নিয়ে সংস্থাটির পর্যবেক্ষণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে তাদের পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জটিলতার সুরাহা হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আগামী কয়েক মাস আলোচনা অব্যাহত থাকবে। আইএমএফের নতুন কর্মসূচি নিয়েও ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে তিনি প্রত্যাশা করেন।
সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো বহুপক্ষীয় সংস্থার সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো কর্মসূচিতে কিছু শর্ত বা ভিন্নমত থাকা স্বাভাবিক, যা ধৈর্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। একটি দূরদর্শী ও বিশ্বাসযোগ্য কৌশলের ওপর ভিত্তি করেই বাংলাদেশের এই আলোচনা সফলভাবে এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ১২ অক্টোবর ব্যাংককে শুরু হওয়া আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও নীতিনির্ধারকরা এতে অংশ নিচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











