২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ফুটবলের বৈশ্বিক এই আসরের শতবর্ষী টুর্নামেন্টটিতে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার একটি আলোচনা শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে ফিফার এই উদ্যোগকে অত্যন্ত 'দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস।
ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও কড়া সমালোচনা করেন তেবাস। ইনফান্তিনোর দীর্ঘ মেয়াদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এক দশক ধরে ফিফা পরিচালনা করলেও যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় আছেন, সেখানেই বড় ধরনের গলদ রয়েছে। লা লিগা প্রধানের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের দিকে।
খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচের চাপ ও ঘরোয়া ফুটবলের ক্ষতির বিষয়টি তুলে ধরে হাভিয়ের তেবাস সতর্ক করেন যে, আন্তর্জাতিক ম্যাচের এমন ব্যস্ত সূচি ঘরোয়া ফুটবলকে হুমকির মুখে ফেলছে। তিনি জানান, বিশ্বকাপ গুরুত্বপূর্ণ হলেও পুরো ফুটবল কেবল এই এক টুর্নামেন্টকে কেন্দ্র করে চলে না। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য ফিফা গোটা ফুটবল শিল্পকে ঝুঁকিতে ফেলছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সাথে জড়িত।
আন্তর্জাতিক সূচির চাপ কমানোর জোর দাবি জানিয়ে তেবাস বলেন, এখন জাতীয় দলের ম্যাচ সংখ্যা কমানো এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া সবচেয়ে বেশি জরুরি। অথচ ফিফা তা না করে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা করছে এবং একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে।
উল্লেখ্য, ২০৩০ সালে বিশ্ব ফুটবলের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










