বিশ্বকাপে দারুণ শৃঙ্খলা ও সেরা আচরণের স্বীকৃতি: ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস
বিশ্বকাপের চরম উত্তেজনাকর মঞ্চে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখা সবসময়ই একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মর্যাদাপূর্ণ ফিফা ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টজুড়ে ইতিবাচক ও শৃঙ্খলিত ফুটবলের প্রদর্শনী দেখিয়ে এই সম্মাননা অর্জন করল ডাচরা।
মাঠে ইতিবাচক মনোভাব, কম ফাউল করা এবং রেফারির সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ভিত্তিতে পয়েন্ট হিসাব করে ফিফা প্রতি আসরে এই পুরস্কার প্রদান করে। সদ্য সমাপ্ত আসরে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে পরবর্তী ধাপে পৌঁছায়। তবে শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় তাদের।
বিদায় নেওয়ার আগে চার ম্যাচে মাঠে নেমে চমৎকার শৃঙ্খলার পরিচয় দিয়েছে ডাচ শিবির। পুরো টুর্নামেন্টে তাদের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেননি এবং দলটির মোট হলুদ কার্ডের সংখ্যা ছিল মাত্র তিনটি। ফুটবলের বিশ্বমঞ্চে ডাচদের জন্য এটিই প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। উল্লেখ্য, টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার এই ট্রফি জয়ের কীর্তি রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয়ী দলসমূহ:
- ২০২৬: নেদারল্যান্ডস
- ২০২২: ইংল্যান্ড
- ২০১৮: স্পেন
- ২০১৪: কলম্বিয়া
- ২০১০: স্পেন
- ২০০৬: ব্রাজিল ও স্পেন
- ২০০২: বেলজিয়াম
- ১৯৯৮: ইংল্যান্ড ও ফ্রান্স
- ১৯৯৪: ব্রাজিল
- ১৯৯০: ইংল্যান্ড
- ১৯৮৬: ব্রাজিল
- ১৯৮২: ব্রাজিল
- ১৯৭৮: আর্জেন্টিনা
- ১৯৭৪: পশ্চিম জার্মানি
- ১৯৭০: পেরু
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










