ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে বিদায় নিলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি কেভিন কিগান
ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ও সাবেক জাতীয় দল প্রধান কোচ কেভিন কিগান। সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
চলতি বছরের শুরুর দিকে এই তারকা ফুটবলারের দেহে ক্যান্সার শনাক্ত হয়, যা পরবর্তীতে চতুর্থ ধাপে পৌঁছে যায়। জীবনের শেষ মুহূর্তগুলোতে তিনি স্ত্রী ও কন্যাদের পাশে পান। ফুটবল অঙ্গনে ‘কিং কেভ’ নামে পরিচিত কিগান ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে অনন্য সাফল্য অর্জন করেন এই কিংবদন্তি। তাঁর উপস্থিতিতে দল ৩টি ইংলিশ লিগ টাইটেল, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপের শিরোপা ঘরে তোলে। অ্যানফিল্ডে একের পর এক সাফল্য অর্জনের পর তিনি জার্মান ক্লাব হামবুর্গে যোগ দেন। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ১৯৭৮ ও ১৯৭৯ সালে পরপর দুইবার ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর অর্জন করেন।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশাতেও মুন্সিয়ানা দেখান কেভিন কিগান। নিউক্যাসল ইউনাইটেডকে অবনমন থেকে রক্ষা করে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার পাশাপাশি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে দলকে রানার্স-আপ করান তিনি। পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের মতো ক্লাবেও সফলভাবে ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










