বোর্ডকে না জানিয়ে চীন ভ্রমণ: লিটন দাসকে তলব করল বিসিবির শৃঙ্খলা কমিটি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েও বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরের অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস। সম্প্রতি কাউকে না জানিয়ে চীন ভ্রমণ করায় এ বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি লিটনকে ডেকে পাঠায় এবং তার কাছ থেকে ঘটনার ব্যাখায় তলব করে।
সংস্থাটি জানায়, জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফেরার পর বোর্ডের অনুমতি ছাড়া লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি বিসিবি। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ছিলেন না তিনি, আবার এই একই চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) অংশ নিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। কুঁচকির ইনজুরির উন্নত পুনর্বাসন ও চিকিৎসার উদ্দেশ্যে আগামী ২০ জুলাই তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।
শুনানির বিষয়ে বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, বোর্ডের কাছে নিজের লিখিত ও মৌখিক বক্তব্য পেশ করেছেন লিটন। তার দেওয়া বক্তব্যের সত্যতা বিসিবির মেডিকেল কমিটির সঙ্গে কথা বলে যাচাই করা হবে। তবে প্রাথমিক শুনানিতে তার বক্তব্যে তেমন কোনো অসংগতি না পাওয়ায় বোর্ড খানিকটা নমনীয় অবস্থানে রয়েছে।
বিসিবি পরিচালক আরও উল্লেখ করেন, লিটন দাসের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বড় ধরনের কোনো শৃঙ্খলা ভঙ্গের অতীত ইতিহাস নেই। মূলত এলপিএল খেলতে না পারার হতাশা থেকেই হয়তো এমনটি ঘটেছে। বোর্ড বিষয়টিকে যোগাযোগের অভাব হিসেবে দেখলেও চুক্তির নিয়ম অনুযায়ী এটি স্পষ্ট বিচ্যুতি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










