জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে হাতছাড়া হলো ম্যাচ
জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর বাঁচা-মরার লড়াইয়ে একপর্যায়ে ম্যাচটি পুরোপুরি সফরকারীদের নিয়ন্ত্রণে থাকলেও, শেষ মুহূর্তের চরম ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল শান্ত-মিরাজরা।
২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৯ বলে ৪১ রান, হাতে ছিল ৫টি উইকেট। কিন্তু এরপরই শুরু হয় নাটকীয় ধস। স্কোরবোর্ডে মাত্র ২৭ রান যোগ করতেই শেষ ৫টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে মেহেদী হাসান মিরাজ যখন এনগারাভার বলে ক্যাচ দিয়ে ফেরেন, তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৩৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
অথচ ৫ উইকেটে ২০৭ রান নিয়েও জয়ের পথেই ছিল দল। নুরুল হাসান সোহান (৩৮) ও মিরাজের ৩১ রানের জুটিটি ভাঙার পর আর কেউ ক্রিজে টিকতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন রিশাদ হোসেন (৮), তাসকিন আহমেদ (০) ও শরিফুল ইসলাম (৬)। এর আগে দলীয় ৩৮ রানে ২ উইকেট হারানোর পর তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ফিফটি বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছিল। তাদের ৮৪ রানের জুটিটি ভাঙে তানজিদ ৫৭ রানে আউট হলে। এরপর হৃদয় ৬০ রান করে বিদায় নিলে হাল ধরেছিলেন সোহান। জিম্বাবুয়ের পক্ষে ৫৫ রানে ৩টি উইকেট নেন রিচার্ড এনগারাভা। এছাড়া ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বেন কারানের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। শুরুতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে পঞ্চম উইকেটে সিকান্দার রাজাকে সাথে নিয়ে ৬৮ রান যোগ করে বিপর্যয় সামাল দেন কারান।
ম্যাচের আসল মোড় ঘোরে সপ্তম উইকেটে বেন কারান ও ব্র্যাড ইভান্সের ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ইভান্স মাত্র ৩৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১৩৫ বলে ৯টি চারের সাহায্যে ১১১ রানে অপরাজিত থাকেন বেন কারান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











