ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বক্তব্যকে ‘বাচ্চাসুলভ’ বললেন দ্যুগারি
ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্তফ দ্যুগারি। জাতীয় দলের অধিনায়কের এ ধরনের আত্মবিশ্বাসী মন্তব্যকে ‘বাচ্চাসুলভ ও করুণ’ বলে আখ্যা দিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
এমবাপ্পের আত্মবিশ্বাস
সম্প্রতি এক বক্তব্যে এমবাপ্পে জানান, এ বছর বর্ষসেরার এই ট্রফি জয় করা তার জন্য অস্বাভাবিক কিছু হবে না। নিজের পারফরম্যান্স তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবলে তিনি ইতিহাস তৈরি করেছেন এবং ব্যালন ডি’অর জয়ের জন্য চলতি বছরটি তার জন্য একটি বড় সুযোগ। নিজেকে সবসময় বিশ্বের সেরা ফুটবলারদের একজন মনে করেন বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবে খেলার কারণে সাধারণ মানুষ তাকে ঘিরে ব্যালন ডি’অরের আলোচনা করছে বলে দাবি করেন এই তারকা।
দ্যুগারির কড়া সমালোচনা
এমবাপ্পের এই মন্তব্যের পরপরই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রিস্তফ দ্যুগারি। আরএমসি-র জনপ্রিয় পডকাস্ট ‘রোথেন এস এনফ্লেমে’ অংশ নিয়ে তিনি বলেন, জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে প্রকাশ্যে এভাবে নিজের জন্য ব্যক্তিগত পুরস্কার দাবি করা করুণ বিষয় এবং এটি কোনো মহানুভবতার পরিচয় বহন করে না।
৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার আরও বলেন, সদ্য সমাপ্ত মৌসুমে কোনো নির্দিষ্ট খেলোয়াড় একক আধিপত্য দেখাতে পারেননি। দলগত বা ব্যক্তিগত—কোনো স্তরেই কেউ এমন অলৌকিক পারফরম্যান্স দেখায়নি যার ওপর ভিত্তি করে নিশ্চিতভাবে পুরস্কারটি পাওয়ার দাবি করা যায়।
বর্তমান ফুটবল অতিরিক্ত ‘ব্যক্তিকেন্দ্রিক’ হয়ে উঠছে বলে আক্ষেপ প্রকাশ করেন দ্যুগারি। তিনি মনে করেন, ব্যক্তিগত ট্রফির কথা না বলে এমবাপ্পের উচিত দলীয় সাফল্য এবং সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্তগুলো নিয়ে আলোচনা করা। তবে কঠোর সমালোচনার পরও দ্যুগারি স্বীকার করেন, তাদের মানসিকতায় পার্থক্য থাকলেও এমবাপ্পে কেন নিজেকে বিশ্বের সেরা ভাবেন, তা তিনি অনুধাবন করতে পারেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











