এশিয়ান গেমসে বাংলাদেশের পতাকাবাহী বাকী ও হুমায়রা, ৮ দল থাকছে ক্রুজ শিপে
আসন্ন এশিয়ান গেমসের উদ্বোধনী মার্চপাস্টে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন শুটার আবদুল্লাহেল বাকী ও অ্যাথলেট হুমায়রা আক্তার। এবারের গেমসে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মোট ২৬০ সদস্যের বহর। যার মধ্যে পুরুষ ক্রীড়াবিদ ৯০ জন, নারী ৯৭ জন এবং অবশিষ্ট ৭৩ জন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ সেপ্টেম্বর নারী ফুটবলের ম্যাচ দিয়ে গেমসে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
আবাসন ও ক্রুজ শিপে অবস্থান
এবারের এশিয়ান গেমসে মোট ২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে আবাসন সংকটের কারণে সব দল হোটেলে থাকার সুবিধা পাচ্ছে না। সোমবার বাংলাদেশ অলিম্পিক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, ২২টি দলের মধ্যে ৮টি দলকে ক্রুজ শিপে অবস্থান করতে হবে।
তিনি বলেন, "আমাদের ৮টি দল ক্রুজ শিপে থাকবে। জাহাজটির কত তলায় তাদের কক্ষ হবে বা সার্বিক ব্যবস্থা কেমন হবে, তা সেখানে পৌঁছানোর পরই জানা যাবে। বাকি দলগুলো হোটেলে অবস্থান করবে।"
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আগেভাগেই ১৯টি কক্ষ বরাদ্দ নেওয়া হয়েছে বলে জানান শেফ দ্য মিশন। ফলে ভারতীয় দলকে কক্ষ শেয়ার করতে হলেও বাংলাদেশ দলের সদস্যরা সিঙ্গেল রুমে থাকার সুবিধা পাচ্ছেন।
পদক প্রত্যাশা ও প্রস্তুতি
গেমসে সাফল্য নিয়ে মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, আন্তর্জাতিক এফিলিয়েশনের কারণে কিছু খেলায় অংশ নিতে হলেও কাবাডি, ক্রিকেট, আর্চারি ও শুটিং ইভেন্ট ঘিরে ইতিবাচক ফলের প্রত্যাশা রয়েছে।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হান জানান, বছরজুড়ে নিবিড় অনুশীলনের ওপর ভর করে অন্তত একটি পদক জয়ের লক্ষ্য তাদের। এছাড়া, জিমন্যাস্টিকসে এককভাবে যোগ্যতা অর্জনকারী রাজিব চাকমাকে নিয়ে শীর্ষ আটে পৌঁছানোই প্রাথমিক লক্ষ্য বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। গলফ দলের কোচ নাদিম হোসেনের প্রত্যাশা—সিদ্দিকুর রহমান, জামাল হোসেন ও বাদল হোসেনকে নিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশ ভালো কিছু করতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











