স্কটল্যান্ডের আকাশে উড়ন্ত বিশাল ‘ড্রাগন’, রহস্য উন্মোচনে যা জানা গেল
ভোরবেলা আকাশে চোখ মেলতেই বিষ্ময়ে বাক্রুদ্ধ স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বাসিন্দারা। নদীর ওপর দিয়ে ডানা মেলে উড়ে চলেছে এক বিশাল আকৃতির 'ড্রাগন'। রূপকথার মতো মনে হওয়া এই দৃশ্য দেখে তাজ্জব বনে যান সেখানে থাকা পথচারীরা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয় তীব্র কৌতুহল ও নানা গুঞ্জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এসটিভি রেডিওর উপস্থাপক ইউয়েন ক্যামেরন কর্মস্থলে যাওয়ার পথে ভোর পৌনে ৬টার দিকে প্রথম এই দৃশ্যটি দেখতে পান। গ্লাসগোর রিভার ক্লাইডের পাশে ওভিও হাইড্রো ভবনের ওপর দিয়ে উড়তে থাকা বিশাল ড্রাগনটির ভিডিও তিনি ধারণ করে ইন্টারনেটে প্রকাশ করেন। এরপরই অনলাইন জুড়ে এটি নিয়ে নানা রসাত্মক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।
তবে রূপকথার মতো দেখালেও এটি কোনো বাস্তব বা অলৌকিক প্রাণী ছিল না। মূলত জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রচারণার অংশ হিসেবে 'সিরাক্স' নামের ড্রাগনের একটি উচ্চপ্রযুক্তির মডেল বাতাসে ওড়ানো হয়েছিল। জার্মানির বিশেষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারস্টেজ’ এটি তৈরি করেছে। কার্বন ফাইবার ও ফোমের সমন্বয়ে গঠিত প্রায় ১৩ কেজি ওজনের এই মডেলটিতে গতি যোগ করতে পায়ে ব্যবহার করা হয়েছে ক্ষুদ্র ইঞ্জিন।
ড্রাগনটির চালক ও পাইলট ডেনিস গুটোস্কি জানান, এতে ২৩টি সচল যন্ত্রাংশ রয়েছে, যা একসঙ্গে কাজ করে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর ডানা, লেজ, প্রোপেলার ও রাডার নিয়ন্ত্রণ করা যায়। বাস্তবে একটি ড্রাগন উড়ার অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে কয়েক মাসের গবেষণা ও নিখুঁত নকশায় এটি নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, একই প্রচারণার অংশ হিসেবে ইতিপূর্বে লন্ডনের আকাশেও মডেল ড্রাগনটি ওড়ানো হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










