এআই দিয়ে তৈরি নিম্নমানের ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে আয় বন্ধের কড়াকড়ি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো মানহীন ও পুনরাবৃত্তিমূলক ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জনের সুবিধায় রাশ টানতে যাচ্ছে ইউটিউব। বিশেষ করে সংবেদনশীল বিভিন্ন বিষয়ে এআই-ভিত্তিক ভার্চ্যুয়াল উপস্থাপকের ভিডিও এবং বারবার একই ধাঁচের বিষয়বস্তু প্রকাশ করা চ্যানেলগুলোর ওপর কড়া নজরদারি চালানো হবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পার্টনার প্রোগ্রাম বা অংশীদার কর্মসূচির অধীনে আয় করতে হলে ভিডিওতে মৌলিকতা, সৃজনশীলতা এবং দর্শকের জন্য স্পষ্ট মূল্য সংযোজন থাকতে হবে। কেবল এআই প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত ভিডিও তৈরি করলেই সেই চ্যানেলকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে না।
ইউটিউবের ট্রাস্ট অ্যান্ড সেফটি বা আস্থা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট হ্যালপ্রিন জানান, নতুন এই নীতিমালায় মূলত তিন ধরনের বিষয়বস্তুকে নিরুৎসাহিত করা হচ্ছে। এগুলো হলো—পুনরাবৃত্তিমূলক ও একই ছাঁচের ভিডিও, অস্বস্তিকর বা মানসিকভাবে বিরূপ প্রভাব সৃষ্টি করে এমন তথ্য এবং চিকিৎসা বা আইনি পরামর্শের মতো স্পর্শকাতর বিষয়ে এআই-ভিত্তিক কৃত্রিম উপস্থাপকের তৈরি কনটেন্ট।
তিনি ব্যাখ্যা করেন, এআই সৃজনশীল কাজকে সহজ ও দ্রুত করলেও অনেকে এই প্রযুক্তি দিয়ে মানহীন, গল্পহীন ও একই রকম ভিডিও তৈরি করছেন। এমন কনটেন্ট থেকে অর্জিত আয় অনুমোদন করবে না ইউটিউব। বিশেষ করে স্পর্শকাতর বিষয়ে কৃত্রিম উপস্থাপকের উপস্থিতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং দর্শক সেটিকে প্রকৃত বিশেষজ্ঞের পরামর্শ হিসেবে ভুল করতে পারেন।
তবে ইউটিউব স্পষ্ট করেছে, কোনো কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না—তা প্রধান বিষয় নয়। আসল গুরুত্ব দেওয়া হবে ভিডিওর মৌলিকতা, নতুনত্ব ও উপযোগিতার ওপর। এআই ব্যবহার করে মানসম্মত ভিডিও তৈরিতে কোনো বিধিনিষেধ থাকবে না।
গবেষণা প্রতিষ্ঠান ‘ক্যাপউইং’-এর বিশ্লেষণ মতে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউটিউব নতুন ব্যবহারকারীদের যেসব ভিডিও সুপারিশ করেছে, তার ২০ শতাংশেরও বেশি ছিল নিম্নমানের এআই-নির্ভর কনটেন্ট। প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিওর বাড়বাড়ন্ত কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউটিউব নির্মাতাদের প্রতি দ্রুত আয়ের পথ না খুঁজে মৌলিক চিন্তাভাবনা নিয়ে মানসম্মত কনটেন্ট তৈরির আহ্বান জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










