ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ৫ সেটিংস পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের
ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি, ব্যক্তিগত ডাটা চুরি এবং অনাকাঙ্ক্ষিত ট্র্যাকিং থেকে বাঁচতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রাইভেসির সেটিংস পর্যালোচনার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, মেটা তাদের নিজস্ব এআই মডেলের উন্নয়নে পাবলিক অ্যাকাউন্টের ছবি ও ভিডিও ব্যবহার করে থাকে। কেউ যদি ব্যক্তিগত কনটেন্ট এআই তৈরিতে ব্যবহার করতে দিতে না চান, তবে অ্যাকাউন্টের Settings থেকে Sharing and Reuse বিভাগে গিয়ে AI features সংক্রান্ত অপশনটি বন্ধ করতে হবে।
এছাড়া মেটা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপের বাইরে অন্যান্য ওয়েবসাইটে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা এই ট্র্যাকিং বন্ধ করতে Accounts Center-এর Your Information and Permissions অপশন থেকে Your Activity Off Meta Technologies নিষ্ক্রিয় করা প্রয়োজন।
সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সাধারণ পাবলিক অ্যাকাউন্টের পরিবর্তে প্রাইভেট অ্যাকাউন্ট ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এতে শুধু অনুমোদিত অনুসারীরাই পোস্ট দেখতে পারবেন, যা স্প্যাম ও ভুয়া প্রোফাইল থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি স্ক্যাম বা অনাকাঙ্ক্ষিত বার্তা থেকে রক্ষা পেতে ডিরেক্ট মেসেজ পাওয়ার সুবিধাটি শুধু পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ রাখা জরুরি।
অন্যান্য গোপনীয়তা রক্ষায় স্টোরি শেয়ারের ক্ষেত্রে Close Friends ফিচার ব্যবহার বা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তা আড়াল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবহারকারী অনলাইনে আছেন কি না তা গোপন রাখতে Settings and activity-র Messages and story replies বিভাগে থাকা Show Activity Status ফিচারটি বন্ধ রাখা ভালো। এসব সতর্কতা মেনে চললে সাইবার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










