যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন ফোন আনবে না ওয়ানপ্লাস, সফটওয়্যারেও আসছে পরিবর্তন

১৯ জুলাই ২০২৬ - ১৭:০৫
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন ফোন আনবে না ওয়ানপ্লাস, সফটওয়্যারেও আসছে পরিবর্তন
যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছাড়ছে ওয়ানপ্লাস, আসবে কালারওএস

স্মার্টফোন বাজারের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন আনছে ওয়ানপ্লাস ও অপো। এক যৌথ ঘোষণায় প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ওয়ানপ্লাসের নতুন কোনো ডিভাইস উন্মোচন করা হবে না। এই অঞ্চলগুলোতে এখন থেকে ব্র্যান্ডটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে অপো।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে তাদের নতুন 'স্ট্র্যাটেজিক ফোকাস' বা কৌশলগত মনোযোগের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ভবিষ্যতে ওয়ানপ্লাস ঠিক কোন কোন দেশের বাজারে নতুন পণ্য নিয়ে আসবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। অপো জানিয়েছে, ওয়ানপ্লাসের প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং পণ্যের দর্শনকে এখন থেকে আরও ঘনিষ্ঠভাবে অপোর মূল কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে। সম্প্রতি ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা পিট লাউ অপোর চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই বড় পরিবর্তনের ঘোষণা এল।

বর্তমান ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য আশ্বস্ত করে জানানো হয়েছে, তাদের বিক্রয়োত্তর সেবা, সফটওয়্যার আপডেট, নিরাপত্তা প্যাচ এবং সার্ভিস সেন্টারের সব ধরনের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে। তবে স্মার্টফোনের সফটওয়্যারে একটি বড় পরিবর্তন আসছে। আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় সচল থাকা ওয়ানপ্লাস ফোনগুলোতে বিদ্যমান 'অক্সিজেনওএস'-এর পরিবর্তে অপোর 'কালারওএস' চালু করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ওয়ানপ্লাসের নতুন ডিভাইস বন্ধের অর্থ এই নয় যে অপো এখনই যুক্তরাষ্ট্রে তাদের স্মার্টফোন বিক্রি শুরু করছে। অপো স্পষ্ট করেছে যে, তাদের মূল অগ্রাধিকার থাকবে ইউরোপীয় বাজারে। অপো ইউরোপের প্রধান নির্বাহী এলভিস ঝৌ জানান, ইউরোপ এখনো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সেখানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় টিমও সম্প্রসারণ করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে ওয়ানপ্লাস ও অপোর মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, গবেষণা এবং সরবরাহ চেইনে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আলাদা দুটি ব্র্যান্ড পরিচালনার চেয়ে অপো এখন তাদের বৈশ্বিক কার্যক্রমকে আরও সমন্বিত করতে চাইছে।

উল্লেখ্য, অপো ও ওয়ানপ্লাস—দুই প্রতিষ্ঠানই চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি গ্রুপ বিবিকে ইলেকট্রনিকসের অধীনে যাত্রা শুরু করেছিল। ২০১৩ সালে অপোর সাবেক ভাইস প্রেসিডেন্ট পিট লাউ এবং কার্ল পেই মিলে ওয়ানপ্লাস প্রতিষ্ঠা করেন। শুরুতে আলাদাভাবে পরিচালিত হলেও ২০২১ সালে ওয়ানপ্লাসের গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম অপোর সঙ্গে একীভূত করা হয়। এরপর থেকে দুই ব্র্যান্ডই একই হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, ক্যামেরা প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করে আসছে। সর্বশেষ এই ঘোষণার মাধ্যমে দুই ব্র্যান্ডের সমন্বয় প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0