ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন আলমডাঙ্গার সন্তান অ্যাডভোকেট মাজেদুর রহমান
আইন অঙ্গনে প্রায় তিন দশকের নিষ্ঠা ও নিরলস কাজের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সন্তান অ্যাডভোকেট মাজেদুর রহমান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর স্থান পাওয়ার সংবাদে জন্মস্থান কালিদাসপুরসহ পুরো চুয়াডাঙ্গা জেলায় বইছে আনন্দের বন্যা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। 'বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নং-৬ অব ১৯৭২)'-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে। প্রজ্ঞাপনটিতে মাজেদুর রহমানসহ ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা ও তদারকি করবেন। একই সঙ্গে রাষ্ট্রীয় আইনি বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা প্রদান করবেন তিনি।
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের প্রয়াত মতিয়ার রহমান মালিথার সন্তান মাজেদুর রহমান ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকার একটি ল ফার্মে ১৯৯৭ সালে আইন পেশার সূচনার পর প্রায় ৩০ বছর ধরে সুপ্রিম কোর্টে পেশাগত দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি।
পারিবারিক জীবনে তাঁর স্ত্রী নাজমুন নাহার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাঁদের মেয়ে ফাইজা ফাতিমা যুক্তরাষ্ট্রে কম্পিউটার সাইন্স ও সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করছেন এবং ছেলে ফাহিন ফয়সাল স্কলার্সটিকার নবম শ্রেণির শিক্ষার্থী।
তাঁর এই অর্জনে এসএসসি-৮৭ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘ব্লুজম গার্ডেন’-এর সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু খয়ের গভীর উচ্ছ্বাস ও শুভকামনা প্রকাশ করে বলেন, “মাজেদুর রহমানের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহ যেন তাকে সততা, ন্যায়নিষ্ঠা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করার তাওফিক দান করেন। ভবিষ্যতে তিনি যেন আরও বড় সম্মান ও সাফল্য অর্জন করতে পারেন এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনে কল্যাণ ও বরকত লাভ করেন—এই কামনাই করি।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











