ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর কণ্ঠেও তারেক রহমানের পরিকল্পনার সুর: তথ্যমন্ত্রী
একজন রাষ্ট্রনায়কের আসল শক্তি তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে নিহিত থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় আসার আগেই 'আই হ্যাভ এ প্ল্যান' ঘোষণার মাধ্যমে দেশের মানুষের কাছে রাষ্ট্র পরিচালনার একটি রূপরেখা তুলে ধরেছিলেন। সম্প্রতি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের শুরুতে একই কথা বলেছেন, যা মূলত পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের দর্শনেরই একটি বহিঃপ্রকাশ।
আজ শুক্রবার সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন 'আপন' আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী উল্লেখ করেন, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী যখন তাঁর বক্তব্যের শুরুতে 'আই হ্যাভ এ প্ল্যান' বলেন, তখন স্পষ্ট বোঝা যায় যে দূরদর্শী নেতৃত্ব সবসময় সুনির্দিষ্ট রূপরেখা নিয়েই জনগণের সামনে আসে। তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে যে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা উপস্থাপন করেছিলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই একই দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে। দেশের জনগণ এই কর্মপরিকল্পনার ওপর আস্থা রেখেই তাঁকে ও তাঁর দলকে ব্যাপক সমর্থন দিয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও জানান, তারেক রহমানের এই রাষ্ট্রদর্শনের অন্যতম প্রধান ভিত্তি হলো জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার রক্ষা করা এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। তিনি বলেন, মহাত্মা ভেগাই হালদারও আজীবন এই মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা প্রচার করে গেছেন।
তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ সবসময় বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। এখানে কোনো ধরনের বিভাজনের রাজনীতির সুযোগ নেই। যারা একক আধিপত্য বা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা মূলত মানবতা ও সভ্যতার বিরোধী। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
আপন-ঢাকার সভাপতি শচীন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন এবং কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











