চুয়াডাঙ্গায় ইজিবাইক-বাস শ্রমিক বিরোধে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

২৯ আগস্ট ২০২৬ - ১১:৫২
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ইজিবাইক-বাস শ্রমিক বিরোধে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
চুয়াডাঙ্গা থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ইজিবাইক শ্রমিকদের হাতে বাস শ্রমিক মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে জেলা থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা ও অভ্যন্তরীণ বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ শুক্রবার এই পরিবহন বন্ধের ঘোষনা দেন । হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​ঘটনার সূত্রপাত

পরিবহন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে আটকে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ইজিবাইকচালক তার সঙ্গীদের নিয়ে আলুকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর, লাঞ্ছিত এবং জিম্মি করার অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধার করে।

​সড়ক অবরোধ ও সিদ্ধান্তের ধারাবাহিকতা

এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা সড়কে আড়াআড়ি বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ সুপারের মধ্যস্থতা ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারে আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বজায় থাকে। পরে শুক্রবার দিনভর কয়েকটি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রাখার পর শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সহ সব অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

​যাত্রী ভোগান্তি চরমে

এদিকে হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দূর-দূরান্তের যাত্রীরা টার্মিনালে এসে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা জানান, হুট করে পরিবহন বন্ধ থাকায় সময় নষ্টের পাশাপাশি বাড়তি অর্থ গুনতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

​পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্থগিত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0