চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদক মামলায় আশাদুল হক মিন্টু (৩৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সত্যব্রত শিকদার মামলার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিন্টু চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় চুনুরীপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসান চত্বরে অবস্থানে ছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। সেখানে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, দৌলতদিয়াড় ব্রিজের নিচে হেরোইন ও প্যাথিডিন কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন এক ব্যক্তি।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
খবর পেয়ে পুলিশের দলটি সেখানে অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মিন্টুকে ধাওয়া দিয়ে ধরে ফেলে ডিবি। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মিন্টুর তল্লাশি চালিয়ে প্যান্টের ডান পকেট থেকে তিনটি প্যাকেটে মোড়ানো ১৩৫ গ্রাম হেরোইন এবং বাম পকেট থেকে ১৮টি প্যাথিডিন ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের তৎকালীন বাজারমূল্য ধরা হয় ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।
এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তিতর্ক ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি (এপিপি) মাঞ্জার আলী জোয়ার্দ্দার হেলাল রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী সাগর জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











