নিষেধাজ্ঞার আগে চাঁদপুর মাছঘাটে ইলিশ বেচাকেনার ধুম, কমেছে দাম
পদ্মা ও মেঘনা নদীতে ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে আগামী ৮ অক্টোবর। এই নিষেধাজ্ঞাকে সামনে রেখে চাঁদপুরের প্রধান মৎস্য আড়তগুলোতে ইলিশ কেনাবেচার ধুম পড়েছে। নদীতে মাছের সরবরাহ বাড়ায় কেজিপ্রতি দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে তাজা ইলিশ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
আড়তজুড়ে ব্যস্ততা ও ক্রেতার ভিড়
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাট, আমিরাবাদ মৎস্য আড়ত এবং বাবুর বাজার মৎস্য আড়তে ইলিশ কেনাবেচায় উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকেই ট্রলার থেকে মাছ খালাস, ডাক দেওয়া এবং দরদামে ব্যস্ত সময় পার করেন জেলে ও ব্যবসায়ীরা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দিনভর জমে ওঠে পুরো ঘাট।
বর্তমান দরদাম
মাছঘাট সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে। আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।
ইলিশ ব্যবসায়ী ফুলচান বর্মন জানান, গত দুদিন ইলিশের দাম আরও কিছুটা কম ছিল। ছুটির দিনে ক্রেতার চাপ বাড়ায় দামে কিছুটা ওঠানামা দেখা গেলেও সরবরাহ বেশ ভালো। নিষেধাজ্ঞার আগের দিনগুলোতে নদীতে মাছ ধরা বাড়লে দাম আরও কমতে পারে। আরেক আড়তদার জুয়েল মীর জানান, নিষেধাজ্ঞা শুরুর আগে ঘাটে ইলিশের আমদানি ও বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
দূর-দূরান্তের ক্রেতাদের আগ্রহ
ঢাকা থেকে ইলিশ কিনতে আসা মোবারক হোসেন জানান, চাঁদপুরের ইলিশের বিশেষ স্বাদ ও ঘ্রাণের কারণে তিনি বড়স্টেশন মাছঘাটে এসেছেন। আগে এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকায় কিনলেও বর্তমানে দাম কিছুটা কমেছে। দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন।
ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের প্রত্যাশা, নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে নদী থেকে ইলিশ আহরণ ও ঘাটে সরবরাহ আরও বাড়বে, যা বাজার পরিস্থিতিকে আরও জমজমাট করে তুলবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











