মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে দ্রুতই শুরু হচ্ছে ইরান-ইরাক সরাসরি বিমান চলাচল
তেহরান ও বাগদাদের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ইরান ও ইরাকের মধ্যে স্থগিত থাকা সরাসরি বিমান চলাচল খুব শিগগিরই পুনরায় চালু হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ সামলে দ্বিপক্ষীয় এ পরিবহন সেবা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে দুই দেশ।
সম্প্রতি তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসের আবদুল জাহরা আল-হাজ্জাজ ইরানের পরিবহনমন্ত্রী ফারজানে সাদেঘের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে।
রাষ্ট্রদূত আল-হাজ্জাজ জানান, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব বিবেচনায় রেখেই দুই দেশের মধ্যে বিমান চলাচল চালুর কার্যকর কৌশল ও সমাধানের পথ খোঁজা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইরান ও ইরাকের মধ্যে নিয়মিত বিপুলসংখ্যক ধর্মীয় পুণ্যার্থী, শিক্ষার্থী ও ব্যবসায়ীর যাতায়াত রয়েছে। ভৌগোলিক ও সামাজিক গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও উভয় দেশ দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কে আবদ্ধ।
উল্লেখ্য, গত আগস্টে ইরানের বিরুদ্ধে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন প্রশাসন। এই ব্যবস্থার আওতায় দেশটির বিমান চলাচল খাতও অন্তর্ভুক্ত থাকায় আন্তর্জাতিক একাধিক রুটে ইরানি বিমান সংস্থার উড্ডয়ন ব্যাহত হয়। এই প্রেক্ষাপটে প্রতিবেশীর সঙ্গে বিমান যোগাযোগ সচল করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করল তেহরান ও বাগদাদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











