মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের জের: বিএনপির মহানগর উত্তর কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১০ নেতা
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন পর্যায়ের মোট ১০ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনে ব্যবস্থা
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০২৪ সালের ৪ নভেম্বর গঠিত এ কমিটি বিলুপ্তির পর দ্রুতই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।
এর পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে বহিষ্কার করেছে দলটি। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শাহ আলী এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতি দেখা যাওয়ার পরই দল থেকে এই কঠোর সিদ্ধান্ত এলো।
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পদক্ষেপ
এদিকে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহেল, কবির হোসেন এবং আকবর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেয়াদ পার হওয়ায় মো. রবিন খান ও আকরাম আহমেদের নেতৃত্বাধীন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৯ সদস্যের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। এছাড়া দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার এবং সদস্য সচিব হাফিজুর রহমানকেও পদ ও দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক ওসমান গণি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











