তৃতীয় দেশে অভিবাসী পাঠাতে ট্রাম্প প্রশাসনকে মার্কিন সুপ্রিম কোর্টের সবুজ সংকেত
যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিবিহীন বা অবৈধ অভিবাসীদের নিজ দেশের বাইরে অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের ক্ষেত্রে প্রশাসনিক বিধিনিষেধ তুলে নিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার ৯ সদস্যের বিচারক প্যানেল ট্রাম্প প্রশাসনের করা এক জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর মাধ্যমে নিম্ন আদালতের দেওয়া পূর্ববর্তী একটি রুলিং স্থগিত হলো। সুপ্রিম কোর্ট বিষয়টিতে আগামী ডিসেম্বরে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।
নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ
নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, কোনো অভিবাসীকে অন্য কোনো দেশে স্থানান্তরের আগে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য গন্তব্য দেশের নাম উল্লেখ করে আগাম নোটিশ দিতে হবে। এর উদ্দেশ্য ছিল—অভিবাসীরা যাতে প্রস্তাবিত দেশে স্থানান্তরের নিরাপত্তা বা ঝুঁকি নিয়ে নিজেদের আইনগত উদ্বেগের কথা জানানোর সুযোগ পান। সুপ্রিম কোর্টের নতুন আদেশের ফলে সেই বাধ্যবাধকতা আপাতত স্থগিত হলো। তবে ৯ সদস্যের বেঞ্চের মধ্যে ৩ জন বিচারপতি ট্রাম্প প্রশাসনের এই আবেদন মঞ্জুর করার বিপক্ষে মত দেন।
প্রশাসনের অবস্থান ও যুক্তি
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একাধিক বড় পদক্ষেপ নেন। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক সময় অভিবাসীদের নিজ নিজ দেশ তাদের ফেরত নিতে চায় না। তাই আইন প্রয়োগ কার্যক্রম স্বাভাবিক রাখতে তৃতীয় দেশে ফেরত পাঠানোর বিকল্পটি অত্যন্ত জরুরি।
ট্রাম্প প্রশাসনের পক্ষে সলিসিটর জেনারেল জন সাউয়ার আদালতে জানান, গুরুতর বিদেশি অপরাধীদের দ্রুত দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে তৃতীয় কোনো দেশে পাঠানো অপরিহার্য। নিম্ন আদালতের নির্দেশনা এ কাজে একটি বড় প্রশাসনিক ও কাঠামোগত বাধা তৈরি করছিল।
অন্যদিকে, এই আদেশের বিরোধীরা আদালতে যুক্তি দেন যে নিম্ন আদালতের রায়টি অভিবাসী পাঠাতে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়নি, বরং তা একটি আইনি কাঠামোর ভেতর সুরক্ষিতভাবে সম্পাদন করার নির্দেশনা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত নির্বাসিতদের মধ্যে অন্তত ২০ হাজার অভিবাসীকে মেক্সিকোতে পাঠানো হয়েছে। এছাড়া লাতিন আমেরিকা, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশে আরও অনেককে স্থানান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











