বিপুল বিদ্যুৎ বিল ও সংযোগ বিচ্ছিন্ন: ক্ষোভ উগরে দিলেন তনিশা মুখার্জি
মহারাষ্ট্রের লোনাভালায় পৈতৃক বাড়িতে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসা এবং নির্ধারিত সময়সীমা পার হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তনিশা মুখার্জি। মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের (এমএসইবি) এই ধরনের পদক্ষেপকে অন্যায্য দাবি করে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।
অভিযোগ ও সামাজিক মাধ্যমে তোলপাড়
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিনেত্রী তার এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তনিশার দাবি, লোনাভালার বিদ্যুৎ বোর্ড গ্রাহকদের সঙ্গে ‘মাফিয়ার মতো’ আচরণ করছে। বিল পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বাকি থাকা সত্ত্বেও শনিবার সন্ধ্যায় তাদের আবাসিক ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এর মাধ্যমে যাচাই না করা অতিরিক্ত বিল পরিশোধে জোর জবরদস্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তনিশা স্পষ্ট করেন, বিল পরিশোধ করতে দেরি হওয়া নিয়ে সমস্যা নয়; বরং নির্ধারিত তারিখের পূর্বে সংযোগ বিচ্ছিন্ন করা এবং অসঙ্গতিপূর্ণ বিলের মাধ্যমে চাপ সৃষ্টির প্রতিবাদ করছেন তিনি।
স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়ি
যে বাড়িটিকে কেন্দ্র করে এই বিতর্ক, সেটি তনিশা মুখার্জির পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন এক স্থান। এটি তার মাতামহী তথা প্রখ্যাত প্রবীণ অভিনেত্রী শোভনা সমর্থের তৈরি বাড়ি। তনিশা জানান, তার মা তনুজা এবং তার নিজের শৈশবের সুন্দর মুহূর্তগুলো কেটেছে এই বাড়িতে। সম্প্রতি ঐতিহ্য ও পারিবারিক স্মৃতি টিকিয়ে রাখতে ভবনটি সংস্কারও করা হয়েছে।
তবে অভিনেত্রী তনিশা মুখার্জির এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











