আইএলটি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার, শীর্ষে তাসকিন-রিশাদ-নাহিদ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসন্ন আসরের খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত এই তালিকায় বাংলাদেশ থেকে মোট ১০ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। নিলামের তালিকা প্রকাশের পাশাপাশি প্রতিযোগীদের ভিত্তিমূল্য অনুযায়ী কয়েকটি শ্রেণিতে বিভক্ত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে নির্ধারিত ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—পেসার তাসকিন আহমেদ, উদীয়মান গতি তারকা নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে তাদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, ফিল সল্ট, ফখর জামান ও নাসিম শাহর মতো আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা।
দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে রয়েছেন চার জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই শ্রেণিটিতে আরও আছেন ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, কুশল পেরেরা, জেইডেন সিলস ও ক্রিস গ্রিন।
সর্বনিম্ন ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম রয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী অনিক এবং পেসার তানজিম হাসান সাকিব। তাদের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ ইশ সোধি, রিজা হেনড্রিকস, লরকান টাকার ও ম্যাথু পটস এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











